মাত্র ১০ বছর বয়সে হারিয়ে গিয়ে ৫০ বছর পর পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরেছেন পরী বেগম। তিনি ৬০ বছর বয়সে ভাইদের সঙ্গে পুনর্মিলন করেছেন। দীর্ঘ ৫০ বছর পাকিস্তানে কাটানোর পর অবশেষে তিনি নিজের পৈতৃক বাড়িতে ফিরে আসেন।
পরী বেগমের পৈতৃক বাড়ি ফরিদপুরের নগরকান্দা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে। পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, ৫০ বছর আগে মানব পাচারকারী চক্রের মাধ্যমে প্রথমে ভারত এবং পরে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় তাঁকে। পাকিস্তানে গিয়ে তিনি একটি নিঃসন্তান দম্পতির কাছে আশ্রয় নেন এবং পরে সেখানে বিয়ে করে সংসার গড়েন।
পরী বেগমের ভাষা এখন উর্দু, যা তিনি পাকিস্তানে বসবাসের কারণে অর্জন করেছেন। তবে ভাইদের সঙ্গে দেখা হওয়ার পর ভাষার এই ব্যবধান তাঁদের পুনর্মিলনে বাধা হয়ে দাঁড়ায়নি। পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
পরী বেগমের পরিবারের সন্ধান পাওয়ার ঘটনা দুই বাংলাদেশি যুবকের মাধ্যমে ঘটে, যারা পাকিস্তানে পড়াশোনা করছিলেন। তাঁরা পরী বেগমের নাতির সঙ্গে পরিচিত হয়ে তাঁর পরিবারের ঠিকানা খুঁজে বের করেন।
পরী বেগমের ফিরে আসার খবরে নগরকান্দায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা দোয়া মাহফিলের আয়োজন করেছেন এবং আত্মীয়স্বজনরা তাঁকে একনজর দেখতে বাড়িতে ভিড় করছেন। ৫০ বছর পর হারিয়ে যাওয়া বোনকে ফিরে পেয়ে পুরো পরিবারে উৎসবের আমেজ বিরাজ করছে।
অনলাইন ডেক্স 

























