পঞ্চগড়ের দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোস্তফা কামাল প্রশাসনিক ভবনের একটি কক্ষে নিয়মিত রাত কাটাচ্ছেন। তিনি প্রতি মাসে ২১ হাজার ২৬৯ টাকা বাড়িভাড়া ভাতা পান। গত ২১ মে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি ওই কক্ষে অবস্থান করছেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, অধ্যক্ষের থাকার কক্ষটি প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় অবস্থিত। কক্ষটির বাইরে লেখা রয়েছে ‘স্কাউট রুম/রোভার ডেন’। ভেতরে একটি চৌকি, টেবিল, কেবিনেট ও কিছু পোশাক রয়েছে।
প্রতিষ্ঠানের চুক্তিভিত্তিক গেটম্যান মাহমুদুল রশিদ মামুন মূল ফটকের তালা খুলে দিলে অনুসন্ধানী দল ভেতরে প্রবেশ করে। অধ্যক্ষ মোস্তফা কামাল কক্ষে প্রবেশের সময় স্বীকার করেন যে, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই সেখানে অবস্থান করছেন। তবে প্রাতিষ্ঠানিক কোনো নিয়ম বা অনুমতি রয়েছে কি না, জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি।
অধ্যক্ষের দাবি, তিনি প্রতিষ্ঠানে চুরি প্রতিরোধে সেখানে অবস্থান করছেন। তবে প্রতিষ্ঠানের মূল ফটক দিয়ে প্রবেশের পর ডান পাশে নৈশপ্রহরীর থাকার ব্যবস্থা রয়েছে। নিরাপত্তার দায়িত্বে নৈশপ্রহীরি থাকার পরও অধ্যক্ষের নিয়মিত রাত্রিযাপন নিয়ে প্রশ্ন উঠেছে।
মোস্তফা কামালের বর্তমান মূল বেতন ৬০ হাজার ৭৭০ টাকা, যার ৩৫ শতাংশ হিসাবে মাসে তাঁর বাড়িভাড়া ভাতা ২১ হাজার ২৬৯ টাকা। সরকারি চাকরিজীবীদের জন্য এই ভাতা দেওয়া হয়। তবে অধ্যক্ষের প্রশাসনিক ভবনে রাত কাটানোর বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
এ বিষয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক (উপসচিব) খন্দকার মো. নাহিদ হাসান বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। উনি দ্রুতই বাইরে বাসা ভাড়া নিবেন বলে জানিয়েছেন।”
অনলাইন ডেক্স 























