ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শাকিব মিয়া নামের এক মাদক কারবারিকে আটক করার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় আসামির কামড়ে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়ন এলাকা থেকে শাকিবকে আটক করা হয়। তিনি পানিশ্বর ইউনিয়নের লালু মিয়ার ভাই। আহত পুলিশ সদস্যকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, শাকিব দীর্ঘদিন ধরে পানিশ্বর এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাকিব মিয়াকে আটকের সময় ধস্তাধস্তির একপর্যায়ে তিনি এক পুলিশ সদস্যকে কামড়ে আহত করেন। পরে তাকে আটক করা সম্ভব হয়। আটককৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অনলাইন ডেক্স 

























