বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ এবং ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের দ্বিতীয় জানাজা বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ঢাকা মহানগর, থানা ওয়ার্ডের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।
জানাজায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সড়ক, রেল ও নৌপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মুন্সিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন এমপি, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু এমপি, অ্যাডভোকেট মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি, স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক শরাফত আলী সফু সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে দলের সিনিয়র নেতা ও কর্মীরা সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের প্রতি শ্রদ্ধা জানান।
বিকেল ৩টার দিকে রাজধানীর শ্যামপুরের লাল মসজিদে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে তার মরদেহ জুরাইন কবরস্থানে তার বাবার কবরের পাশে দাফন করা হবে।
সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান।
অনলাইন ডেক্স 























