বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের সম্পর্কের অগ্রগতি তুলে ধরে আরও বেশি আর্থিক ও অর্থনৈতিক সহায়তা চেয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ, জ্বালানি তেল, সয়াবিনসহ বিভিন্ন পণ্য আমদানি বৃদ্ধি পেয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৈঠকে ঋণ ব্যবস্থাপনা, মার্কিন সহায়তা এবং দুই দেশের সামগ্রিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, অতীতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তেমন সহায়তা পায়নি, তবে বর্তমানে দুই দেশের সম্পর্কের উন্নতি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জন্য বাড়তি সহায়তা আসা উচিত।
সরকারের অর্থনৈতিক নীতিতে ঋণের ওপর নির্ভরতা কমিয়ে সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংকের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে এই লক্ষ্যে।
অর্থমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি বাংলাদেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্যের ওপর প্রভাব ফেলছে। তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহায়তা পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
বৈঠকে আলোচনা থেকে বাংলাদেশ কতটা আর্থিক সহায়তা পেতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেননি অর্থমন্ত্রী। তবে তিনি আশা করেন, দুই দেশের ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি পাবে।
অনলাইন ডেক্স 

























