জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকার বাজির জেরে জীবন্ত শালিক পাখির চামড়া ছাড়িয়ে কাঁচা মাংস খাওয়ার অভিযোগে সাবদুল্লা নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার কোয়ালিকান্দি মধ্যপাড়ায় তার বাড়ি থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদারগঞ্জ উপজেলার কোয়ালিকান্দি বাজারে এ ঘটনা ঘটে। একটি ভিডিওতে দেখা যায়, সাবদুল্লা লোকজনের সামনে একটি জীবন্ত পাখির চামড়া ছাড়িয়ে কাঁচা মাংস খাচ্ছেন এবং এ সময় ৫০০ টাকার বাজি নিয়ে কথা বলছেন। ভিডিওটি প্রথমে স্থানীয় সাংবাদিক সাদ্দাম হোসাইনের মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এ নিষ্ঠুর আচরণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, ভিডিওটি প্রকাশিত হওয়ার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।
এদিকে, বন্য প্রাণী অধিদপ্তরের একটি দল ঘটনাস্থলে গিয়ে পুরো ঘটনা পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ঘটনায় মামলা করার বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।
অনলাইন ডেক্স 
























