চট্টগ্রাম মহানগরীতে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মিত ও নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। রোববার (১১ অক্টোবর) নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে মোট ৭টি ভবন পরিদর্শন করা হয়। এর মধ্যে ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়, ৩টি ভবন সিলগালা করা হয় এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ৫টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানের সময় অনুমোদিত নকশার বাইরে নির্মিত ভবনের বিভিন্ন অংশ ভেঙে অপসারণ করা হয়।
একটি ভবনে অনুমোদিত নকশার ব্যত্যয় পাওয়া যায়, যেখানে আটতলা ভবন নির্মাণের অনুমোদন থাকলেও ভবনটি ১১ তলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। অভিযানের সময় ভবন মালিকপক্ষের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
চউকের চিফ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহা. মনজুর হাসান জানান, ভবন নির্মাণের অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণের বিরুদ্ধে চউকের অভিযান অব্যাহত থাকবে।
অথরাইজড অফিসার তানজিব হোসেন বলেন, চট্টগ্রাম মহানগরীকে পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চউক নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। ভবনমালিকদের চউক অনুমোদিত নকশা অনুসরণ করে ভবন নির্মাণের আহ্বান জানান তিনি।
অনলাইন ডেক্স 























