রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিপরীত পাশের দেয়ালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালো রং লাগানোর অভিযোগে গ্রেফতার চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত। রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন আল নূর মোহাম্মদ আয়াস (২৭), মো. সাকিবুস হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৬)।
আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন। আদালত আয়াস ও সাকিবুসের তিন দিন করে এবং সুজন মিয়া ও মারজিয়া খন্দকার রিমির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চারজনকে আদালতে হাজির করা হয় এবং রাষ্ট্রদ্রোহের মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক আব্দুল গাফফার হিমেল তাদের প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। মামলার নথি অনুযায়ী, ৯ অক্টোবর ‘সংলাপ ফোরাম’-এর সভাপতি আল নূর মোহাম্মদ আয়াস গ্রাফিতিগুলো মুছে ফেলার ঘোষণা দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ৯ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে শিল্পকলা একাডেমির ফটকের বিপরীত পাশের দেয়ালের সামনে আয়াসসহ অন্যরা বক্তব্য দেন। এ সময় মারজিয়া খন্দকার রিমি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালো রং লাগান বলে অভিযোগ করা হয়েছে। মামলায় উল্লেখ রয়েছে যে, তাদের কর্মকাণ্ডের মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, আয়াস পাকিস্তানে মুহাম্মদ আলী জিন্নাহর কবর ও নামফলক নিয়ে বক্তব্য দেন। অন্যদিকে, মারজিয়া খন্দকার রিমি ভারতীয় আগ্রাসন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির সময় মুসলমানদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে গ্রাফিতিতে কালো রং লাগান বলে উল্লেখ করা হয়েছে। তবে মামলায় আনা অভিযোগগুলোর বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
অনলাইন ডেক্স 






















