জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণের সঙ্গে প্রতারণা হবে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। তিনি রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির সমাবেশে এ কথা বলেন।
আব্দুল্লাহ আল জাবের বলেন, নির্বাচিত সরকারকে পাঁচ বছরের মেয়াদে জনগণের পাশে থেকে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করতে হবে। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান।
সমাবেশে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার, গণভোটের গণরায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের উদ্যোগে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালিত হচ্ছে।
তিনি বলেন, সরকারকে জনগণের দেওয়া পাঁচ বছরের মেয়াদে ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় মনোযোগী হতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারকে দৃঢ় অবস্থান নিতে হবে, যাতে বিদেশি শক্তির কাছে তা সমর্পণ না হয়।
সমাবেশে ইনকিলাব মঞ্চের তিন দফা দাবি পুনর্ব্যক্ত করা হয়। দাবিগুলো হলো—শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার, গণভোটের গণরায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এসব দাবিতে আগামী ১৮ ডিসেম্বর রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
অনলাইন ডেক্স 























