জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন যে, ভারতে আটক আন্দোলনকারীদের মুক্তি চেয়ে দেওয়া তার একটি ফেসবুক পোস্ট দেশটিতে ব্লক করা হয়েছে। তিনি একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভারতীয় একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করার অভিযোগও করেছেন।
রোববার (১১ অক্টোবর) রাতে আসিফ মাহমুদ তার ফেসবুক প্রোফাইলে এই অভিযোগ তুলে ধরেন। তিনি পোস্টের সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষের পাঠানো একটি নোটিশের স্ক্রিনশট যুক্ত করেন।
পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, ‘ভারতে আন্দোলনকারীদের মুক্তি চেয়ে দেওয়া একটা পোস্ট ইন্ডিয়াতে ব্যান করা হয়েছে।’ তিনি ভারতীয় রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে আপত্তিকর মন্তব্যের শিকার হওয়ার কথাও জানান।
এ ঘটনায় ভারতে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, ‘গণতন্ত্র দেশে দেশে!’
আসিফ মাহমুদের শেয়ার করা স্ক্রিনশট অনুযায়ী, ভারতের তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ৭৯(৩)(বি) ধারার আওতায় ভারত সরকার বা আইন প্রয়োগকারী সংস্থার পাঠানো নোটিশের পরিপ্রেক্ষিতে মেটা পোস্টটির অ্যাক্সেস ভারতে সীমাবদ্ধ করেছে। অর্থাৎ, পোস্টটি ভারতে জিও-ব্লক করা হয়েছে বলে উল্লেখ রয়েছে।
অনলাইন ডেক্স 
























