ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা শ্রেণিকক্ষে শিক্ষকদের স্বাধীনতা ক্ষুণ্নের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে অভিনব প্রতিবাদ জানিয়েছেন। রোববার (১১ অক্টোবর) তিনি পাঁচ মিনিট ধরে নীরব অবস্থানে থেকে এ প্রতিবাদ জানান।
অধ্যাপক সামিনা লুৎফা শিক্ষকদের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, কথা বলা ও ভিন্নমত প্রকাশের কারণে যেসব শিক্ষক হেনস্তার শিকার হয়েছেন, তাঁদের প্রতি তিনি সমর্থন জানাতে এ প্রতিবাদ করেছেন। তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, শ্রেণিকক্ষে শিক্ষকের স্বাধীনতা নস্যাতের পরিকল্পনা শিক্ষার্থী-শিক্ষকের সম্পর্কের আস্থা নষ্ট করছে।
শ্রেণিকক্ষে আচরণবিধি নির্ধারণের জন্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন তিনি। এরপর পাঁচ মিনিট মুখে কালো কাপড় বেঁধে বসে থাকেন। সামিনা লুৎফা তার পোস্টে লেখেন, ‘শিক্ষকদেরও অধিকার আছে।’ তিনি একাডেমিক স্বাধীনতার পক্ষে অবস্থান জানান।
অধ্যাপক সামিনা লুৎফা শ্রেণিকক্ষে সুস্থ আলোচনা ও মতবিনিময়ের পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান। তিনি বলেন, একাডেমিক স্বাধীনতার ওপর আক্রমণের ধরন যতই নিন্দনীয় হোক, তিনি ভয় পান না।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একটি শ্রেণিকক্ষে নিকাব পরা এক ছাত্রীকে কেন্দ্র করে সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের সঙ্গে বিতর্কের সৃষ্টি হয়। ওই ঘটনায় শিক্ষার্থীদের লিখিত অভিযোগের পর ৮ অক্টোবর জরুরি সভা ডেকে তাসনিম সিরাজকে বিভাগের সব ধরনের পাঠদান কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।
অনলাইন ডেক্স 

























