মানসম্মত ও আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, শিক্ষার্থীদের বিশ্ব প্রতিযোগিতায় সক্ষম করে গড়ে তুলতে শিক্ষা খাতের আধুনিকায়ন ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের ঘিওরে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী জানান, দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং সর্বস্তরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে।
আফরোজা খানম রিতা বলেন, আমাদের নেতা তারেক রহমান দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছেন। এসব পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিসরে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে।
মন্ত্রী নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষার মাধ্যমে তাদের বাবা প্রয়াত মন্ত্রী হারুনুর রশিদ খান মুন্নুর আদর্শ প্রতিষ্ঠিত করতে হবে। শিক্ষার্থীদের সৎ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খায়রুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী।
অনলাইন ডেক্স 

























