ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে একটি ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপসহকারী পরিচালক মো. আলমগীর হোসেন (৫৫) নিহত হয়েছেন। ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশন সংলগ্ন বিকন মডেল কলেজ সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মনাকিয়া গ্রামের মৃত নূর উদ্দিন আহমেদের ছেলে এবং তিনি পাঁচ সন্তানের জনক ছিলেন। সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার এই কর্মকর্তা ২০২৫ সালের ৩০ এপ্রিল প্রেষণে র্যাবে যুক্ত হন এবং চলতি বছরের ১৭ মে তিনি এসআরবি-৭ ফেনী ক্যাম্পে উপসহকারী পরিচালক হিসেবে দায়িত্ব নেন।
এসআরবি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আলমগীর হোসেন মহাসড়কে নিয়মিত তল্লাশিচৌকি পরিচালনার সময় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। দুর্ঘটনায় তার শরীরের নিম্নাংশ মারাত্মকভাবে থেঁতলে যায়।
সহকর্মীরা তাকে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান, তবে চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত কর্মকর্তার সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। এসআরবি-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান বলেন, ‘আমরা একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারালাম।’
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক সজীব (৩০) আহত হয়ে এসআরবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। হাইওয়ে পুলিশ এ বিষয়ে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।
অনলাইন ডেক্স 
























