নেত্রকোনার দুর্গাপুরে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর বার্তা দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, কার্ড বিতরণে কোনো কর্মকর্তা বা জনপ্রতিনিধি অনিয়ম করলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ১ হাজার ১৭০ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হয়।
ডেপুটি স্পিকার বলেন, কার্ড বিতরণে কোনো ধরনের বৈষম্য বরদাশত করা হবে না। তিনি ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড বিতরণের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন।
তিনি আরও বলেন, যারা অনিয়ম করবেন, তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে জনগণ তাদের বিরুদ্ধে মামলা করবে। অতীতে ফ্যামিলি কার্ড বিতরণে কিছু ভুলত্রুটি ছিল, সেগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে নেত্রকোনা-২ ও ৩ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকেরা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 

























