চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, অবৈধ অস্ত্র দ্রুত উদ্ধার করে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। তিনি শনিবার (৩ অক্টোবর) বিকেলে নগরীর লালদিঘীর পাড়স্থ জেলা পরিষদ চত্বরে কোতোয়ালি থানা বিএনপি আয়োজিত সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী বিদেশে পালিয়ে গেলেও যারা দেশে রয়ে গেছেন, তাদের কাছে প্রচুর অস্ত্র রয়েছে। তিনি বলেন, প্রশাসন তাদের অবস্থান সম্পর্কে অবগত রয়েছে এবং অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের আগে যারা মানুষ হত্যা করেছে এবং গুম ও আয়নাঘর তৈরি করেছে, তারা এখনো সক্রিয়। মেয়র জানান, পাঁচ হাজার টাকা দিলেই বোমাবাজি করা যায়, এমন তথ্য তাদের কাছে রয়েছে।
সমাবেশে প্রধান বক্তা চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, আইনি ও বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের সাজা বা দণ্ড নির্ধারিত হওয়ার পরেই তাদের রাজনীতিতে ফিরে আসার সুযোগ সৃষ্টি হতে পারে।
বক্তারা বলেন, দেশে নাশকতা ও সন্ত্রাসে জড়িত অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং জনগণের ভোটাধিকার ও নিরাপত্তা রক্ষায় যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সমাবেশ শেষে জেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
অনলাইন ডেক্স 
























