জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর অ্যাম্বুলেন্সে করে বগুড়ার আদালতে হাজির হয়েছেন। প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। আদালতে হাজিরার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে আবার ঢাকার ওই হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
তানভীরের আইনজীবী অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী জানান, তানভীর গুরুতর অসুস্থ এবং তার কোমরের নিচের অংশ সম্পূর্ণ অবশ হয়ে গেছে। তিনি বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ফিজিওথেরাপি নিচ্ছেন।
আইনজীবী আরও জানান, ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তানভীরের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হয়েছে এবং রিমান্ডে থাকার সময় তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে।
গত ৫ আগস্ট ঢাকার মিরপুরের মণিপুরীপাড়া থেকে তানভীরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়। ১০ আগস্ট আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। গত ৯ সেপ্টেম্বর হাইকোর্ট তানভীরের এক বছরের জামিন মঞ্জুর করে। ১৫ সেপ্টেম্বর তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপর থেকে চিকিৎসাধীন রয়েছেন।
অনলাইন ডেক্স 






















