সেপ্টেম্বর মাসে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৭৪ জন। নিহতদের মধ্যে ৭৩ জন নারী ও ৬১ জন শিশু রয়েছেন। মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩৯ জন।
রোড সেফটি ফাউন্ডেশনের সেপ্টেম্বর মাসের সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সড়কে হাঁটতে গিয়ে বা পথচারী হিসেবে নিহত হয়েছেন ১০৬ জন। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৩ জন।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, ১৬৮টি দুর্ঘটনা ঘটেছে যানবাহনের নিয়ন্ত্রণ হারানোর কারণে। ১০৯টি দুর্ঘটনায় পথচারীকে চাপা দেওয়া হয়েছে। মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে ৯৮টি।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৩২টি দুর্ঘটনা ঘটেছে, যেখানে নিহত হয়েছেন ১৩৪ জন। রাজধানী ঢাকায় ৫২টি সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছেন।
সেপ্টেম্বর মাসে ১১টি নৌ-দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং ২৩টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশন নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলার জন্য সরকারের রাজনৈতিক সদিচ্ছার ওপর গুরুত্বারোপ করেছে।
অনলাইন ডেক্স 
























