চট্টগ্রামের রাউজানে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অপরাধী চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা এলোপাতাড়ি গুলি ছুড়লে পুলিশ পাল্টা গুলি চালায়। গোলাগুলির ঘটনায় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশ জানায়, অভিযানে দিলদার হোসেন (৩৭) নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার হন। তার হেফাজত থেকে একটি দোনলা বন্দুক, একটি একনলা কাটা বন্দুক, ১১৯ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ছয় রাউন্ড সীসা কার্তুজ, চারটি রামদা এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
রাউজান থানার ৮ নম্বর কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কদলপুর জয়নগর বড়ুয়া পাড়া এলাকায় মো. জানে আলম ওরফে ‘ডাকাত আলম’ এবং মোহাম্মদ আজিজ ওরফে ‘আজিজ বসের’ নেতৃত্বে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। সর্বশেষ ২৫ সেপ্টেম্বর তারা আবু বক্কর চৌধুরীর বাড়িতে গিয়ে চাঁদা দাবি করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বুধবার রাত পৌনে ১১টার দিকে জানে আলমের বসতঘরের সামনে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা গুলি ছোড়ে। এ সময় এসআই মো. জান্নাতুন নাঈম রাজন, এসআই মো. খোরশেদ আলম, এসআই মো. বায়েজিদ মৃধা, এসআই মো. জাহাঙ্গীর আলম, এএসআই মো. জুয়েল চন্দ্র বিশ্বাস, এএসআই মো. রবিউল হোসেনসহ মোট ১২ পুলিশ সদস্য আহত হন।
আহত পুলিশ সদস্যদের রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আটক আসামিকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, কদলপুর এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অনলাইন ডেক্স 
























