কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩২ লাখ ৫০ হাজার ৭৩০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২ অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) আওতাধীন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। সুলতানপুর ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্টে অভিযান চালানো হয়।
অভিযানে জব্দ করা পণ্যের মধ্যে ভারতীয় রেডবুল এনার্জি ড্রিংকস, ইঁদুর মারার ওষুধ, ফুচকা, বাজি, বাসমতি চাল, বাংলাদেশি ডাটার বীজ, শ্যাম্পু, গরু, হরলিক্স, বিয়ার, মদ ও মোটরসাইকেল অন্তর্ভুক্ত রয়েছে। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩২ লাখ ৫০ হাজার ৭৩০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
অনলাইন ডেক্স 




















