মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে সহকারী পাইলটের হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে দেশটিতে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার (০২ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, “আমি যা শুনছি, তার ভিত্তিতে বলব হ্যাঁ। তবে আমরা এখনো বিষয়টি নিয়ে কাজ করছি।” তিনি আরও জানান, ইরানকে দায়ী করা হলে যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নেবে এবং “তাদের খুব কঠোরভাবে আঘাত করা হবে।”
বুধবারের ঘটনায় ফ্লাইটটি হঠাৎ করে এক মিনিটের মধ্যে প্রায় ১৭ হাজার ফুট উচ্চতা হারিয়ে ফেলেছিল। যাত্রীরা ককপিটে গিয়ে পাইলটকে রক্ষা এবং বিমানের নিয়ন্ত্রণ ফিরে পেতে সহায়তা করেন। পরে বিমানটি সৌদি আরবে জরুরি অবতরণ করে।
এদিকে, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব তদন্ত শুরু করেছে। সৌদি আরব জানিয়েছে, সহকারী পাইলটকে একটি ‘আমিরাতি নিরাপত্তা দলের’ সঙ্গে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, তিনি বিমানের ক্যাপ্টেনকে আক্রমণ করেছিলেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, সন্দেহভাজন সহকারী পাইলট ইসলামপন্থি উগ্রবাদী মতাদর্শে দীক্ষিত ছিলেন। তিনি বলেন, “আমরা জানি যে সে ইসলামপন্থি উগ্রবাদী মতাদর্শে দীক্ষিত হয়েছিল।” নেতানিয়াহু আরও জানান, তদন্তের নেতৃত্ব দেবে সংযুক্ত আরব আমিরাত এবং এতে ইসরায়েলও অংশ নেবে।
অনলাইন ডেক্স 























