নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা-পুলিশের বিশেষ অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে একজন মাদক মামলার আসামি, একজন সন্ত্রাসবিরোধী মামলার আসামি, একজন পুরোনো মামলার আসামি এবং নয়জন মাদকসেবী রয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনভর সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একাধিক দল অভিযানে অংশ নেয়।
পুলিশ জানায়, অভিযানে মাদকসেবী হিসেবে গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ফজল হক (৩৮), ফিরোজ (৩০), আপেল মাহমুদ (৩৮), শুভ্র দে সচিন (২৫), রায়হান ওরফে নিলয় (১৯), মঞ্জুর হোসেন (৪৫), ইমরান হোসেন সজীব (২৪), সায়েম (৩০) ও আতিকুর রহমান (২২)।
এছাড়া, সন্ত্রাসবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সাদিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. হাকিম উদ্দিন (৫০) এবং মাদক মামলায় শামীম (৩২) ও পুরোনো মামলায় পিয়ার (৪০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে গ্রেপ্তার শামীমের কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
অনলাইন ডেক্স 

























