পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিস্ট ও গুপ্তরা প্রয়োজনে এক হয়ে যেতে পারে। তিনি শনিবার (২৬ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা বিএনপির আয়োজনে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশে এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, একাত্তরে রাজাকার, নব্বইয়ে স্বৈরাচার এবং চব্বিশে যারা দেশের মানুষের সঙ্গে বেইমানি করেছে, তারা ভোটে জয়ী হওয়ার জন্য ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাত করতে পারে। তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।
ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, যদি সবাই ঐক্যবদ্ধ থাকে এবং দলের কার্যক্রমকে সঠিকভাবে প্রচার করতে পারে, তবে গুপ্ত-সুপ্তরা কিছু করতে পারবে না। তিনি সন্ত্রাস, অগ্নিসংযোগ ও বোমার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তিনি স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং চব্বিশের ছাত্র-জনতা আন্দোলনে জিয়া পরিবারের অবদানকে অনস্বীকার্য বলে উল্লেখ করেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 






















