সম্প্রতি দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে রাজধানীর নিত্যপণ্যের বাজারে দাম বেড়েছে বিভিন্ন পণ্যের। বিশেষ করে সবজি, ডিম, গুঁড়া দুধ, আটা-ময়দা, মাছ ও ফলের দাম বৃদ্ধি পেয়েছে। তবে মাংস ও মুরগির দাম অপরিবর্তিত রয়েছে।
বিক্রেতাদের মতে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় খুচরা বাজারে পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। মিরপুর-১ নম্বর কাঁচাবাজারে দেখা গেছে, লম্বা বেগুনের দাম ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ৯০-১০০ টাকা। করলার দামও বেড়ে ৮০ থেকে ১০০ টাকায় পৌঁছেছে।
মাছের দামেও বৃদ্ধি দেখা গেছে। বিক্রেতাদের হিসাব অনুযায়ী, পরিবহন খরচ বেড়ে যাওয়ায় মাছের দাম কেজিতে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে ব্রয়লার ও সোনালি মুরগির দাম আগের মতোই রয়েছে। লেয়ার মুরগির দাম ২০ টাকা বেড়ে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া, পাস্তুরিত তরল দুধের দামও ১০ টাকা বেড়ে গেছে। আটা ও ময়দার দামও বৃদ্ধি পেয়েছে, যেখানে প্যাকেটজাত আটা ৭০ টাকা এবং ময়দা ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
জাতীয় ভোক্তা অধিকার-সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলাম জানিয়েছেন, তারা ব্যবসায়ীদের অতি মুনাফা করার সুযোগ দেবেন না। তিনি বলেন, পরিবহন ভাড়া বৃদ্ধির অজুহাতে দাম দ্বিগুণ বাড়ানোর সুযোগ দেওয়া হবে না।
অনলাইন ডেক্স 
























