রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তির দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তিনি এ দাবি জানান। তার পোস্টে উল্লেখ করা হয়, মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে দুই শতাধিক মুখোশ পরা ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
ডা. শফিকুর রহমান বলেন, হামলাকারীরা স্বাস্থ্যসেবা কেন্দ্রটি গুঁড়িয়ে দিয়ে সেখানে রহস্যজনক একটি সাইনবোর্ড টানিয়ে দেয়। তিনি প্রশ্ন তোলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায় রয়েছে।
তিনি আরও বলেন, সরকার জনগণের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করলেও এ ধরনের হামলা চলতে থাকলে জনগণের ক্ষোভ বাড়বে। দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
অনলাইন ডেক্স 
























