রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবদুর রাজ্জাকের বাড়িতে ককটেল হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে, তবে এতে কেউ হতাহত হননি। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।
আবদুর রাজ্জাকের বাড়ি উপজেলার চানপাড়া এলাকায় অবস্থিত। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে এবং একটি ককটেল বিস্ফোরণের আলামতও পাওয়া গেছে।
বিএনপি নেতা আবদুর রাজ্জাক জানান, হামলার কিছুক্ষণ আগে তিনি ঢাকা থেকে বাড়িতে ফিরেছিলেন। হামলার পেছনে কী কারণ থাকতে পারে, তা তিনি নিশ্চিত নন এবং তাঁর কোনো ব্যক্তিগত শত্রু নেই। তিনি পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং সবার সঙ্গে সুসম্পর্ক রাখছেন।
ঘটনার পর স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করে বিভিন্ন পোস্ট দেন। হামলার প্রতিবাদে আজ শনিবার দুপুরে ভবানীগঞ্জ পৌর বিএনপি বিক্ষোভ মিছিল করে। দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোডাউন মোড়ে গিয়ে শেষ হয়।
এদিকে, আওয়ামী লীগের পক্ষ থেকে এ অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাগমারা থানার ওসি জিল্লুর রহমান জানান, শনিবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
অনলাইন ডেক্স 























