বাংলাদেশে মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎমুখী প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশনের (জিপিই) কাছ থেকে আরও বৃহত্তর অর্থায়ন ও কারিগরি সহায়তা চেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের ইকোসক চেম্বারে ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত জিপিই-এর উচ্চপর্যায়ের সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সম্মেলনটি জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে আয়োজিত হয়।
সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, ‘শিশুদের বিদ্যালয়ে উপস্থিত করাই আমাদের লক্ষ্য নয়; বরং শ্রেণিকক্ষে তাদের প্রকৃত শিখনফল নিশ্চিত করাই সরকারের মূল অগ্রাধিকার।’ তিনি আন্তর্জাতিক অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরেন।
বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়ন ও চলমান সংস্কার নিয়ে আলোচনা করেন। জিপিই-এর ডেপুটি সিইও চার্লস নর্থ বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতের সংস্কার উদ্যোগের প্রশংসা করেন এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।
সম্মেলনে বিশ্বব্যাপী শিক্ষায় টেকসই অর্থায়ন বৃদ্ধি ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের নতুন বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ ইতোমধ্যে ২০২৬ সালে জিপিই-এর কাছ থেকে ৯৮.৮৫ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান নিশ্চিত করেছে।
অনলাইন ডেক্স 
























