যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের নির্বাচনে হস্তক্ষেপ করে দেশটির প্রাকৃতিক সম্পদ দখল করতে চান বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার নির্বাচনি প্রচার শিবির। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রচারিত এক টেলিভিশন বিজ্ঞাপনে এ অভিযোগ করা হয়।
বিজ্ঞাপনে বলা হয়, ট্রাম্পের স্বার্থ এগিয়ে নিতে ব্রাজিলের ডানপন্থি প্রার্থী ফ্লাভিও বলসোনারোর পক্ষে মার্কিন প্রশাসন নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এতে উল্লেখ করা হয়, ‘ফ্লাভিও বলসোনারো ট্রাম্পের প্রার্থী। ট্রাম্প যা চান, তা হলো ব্রাজিলকে উপনিবেশে পরিণত করা, আমাদের সম্পদ নিয়ে যাওয়া এবং আমাদের ভবিষ্যৎ কেড়ে নেওয়া।’
লুলা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, বলসোনারো ব্রাজিলের প্রাকৃতিক সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে চান। তিনি বলেন, এমনটি হলে ব্রাজিল আবারও উপনিবেশে পরিণত হবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ব্রাজিলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে, একটি গণতান্ত্রিক দেশের নির্বাচনকে দুর্বল করার কোনো পরিকল্পনার ইঙ্গিত ‘ভিত্তিহীন মিথ্যা’ বলে বিবেচনা করা হচ্ছে।
৪ অক্টোবর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোট অনুষ্ঠিত হবে। কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে ২৫ অক্টোবর দ্বিতীয় দফার ভোট হবে। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে।
অনলাইন ডেক্স 
























