জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর সরকার লঞ্চসহ নৌযানে যাত্রীভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২২ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ১৯ পয়সা বাড়ানো হয়েছে। সর্বনিম্ন যাত্রীভাড়া ৩ টাকা বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন ভাড়া ২৪ সেপ্টেম্বর থেকেই কার্যকর হয়েছে।
নতুন হারে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বেড়ে ৩ টাকা ১৭ পয়সা হয়েছে। ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭১ পয়সা করা হয়েছে।
এছাড়া, নৌযানে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে, ফলে স্বল্প দূরত্বের যাত্রীদেরও আগের তুলনায় ৩ টাকা বেশি দিতে হবে।
নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন বিধিমালা, ২০১৯-এর বিধি ২৭ অনুযায়ী নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে নতুন ভাড়ার হার সব নদীবন্দরের টার্মিনাল ও নৌযানের দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
অনলাইন ডেক্স 






















