চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম হাসপাতালে চিকিৎসা শেষে সার্কিট হাউসে ফিরে সিন্ডিকেট সভা আহ্বান করেছেন। আজ শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় ভার্চ্যুয়ালি এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা শেষে তিনি সার্কিট হাউসে ফেরেন। এর আগে, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে তাকে উদ্ধার করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার। প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
চুয়েটের সিন্ডিকেট সদস্য অধ্যাপক রাশিদুল হাসান জানান, উপাচার্য আজ সন্ধ্যা ৬টায় সিন্ডিকেট সভা ডেকেছেন। তিনি ছুটিতে আছেন এবং যোগ দিতে পারবেন কিনা তা নিশ্চিত নয়।
অন্য সিন্ডিকেট সদস্য অধ্যাপক কাজী দেলোয়ার হোসাইন বলেন, উপাচার্য মেসেজ পাঠিয়েছেন, তবে সভা আহ্বানের নিয়ম সম্পর্কে নিশ্চিত নন। সাধারণত রেজিস্ট্রারের মাধ্যমে সভার চিঠি আসে।
উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন।
অনলাইন ডেক্স 

























