সরকারি তিতুমীর কলেজের প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তিতুমীর কলেজ শাখা নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। বুধবার (১৪ অক্টোবর) কলেজ প্রশাসন এক বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কলেজে সব ধরনের অনুষ্ঠান আয়োজনের ওপর নিষেধাজ্ঞা জারি করে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদের স্বাক্ষরিত ওই নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। তবে ছাত্রশিবির নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষের অবস্থান এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। তিনি বলেন, বিএনপি যে ইস্তেহার দিয়েছিল সেটি তারা নিজরাই মানছে না এবং বিভিন্ন জেলা ও সিটি কর্পোরেশনে অনির্বাচিত ব্যক্তিদের নিয়োগ দিয়েছে।
প্রধান আলোচক হিসেবে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমে সামনে আসতে হবে এবং নৈতিকতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।
এছাড়া অনুষ্ঠানে তিতুমীর কলেজ শাখা শিবিরের সভাপতি খাদেমুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল রানা ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 






















