ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের উদ্যোগে দীর্ঘদিন আগে চুরি হওয়া মোবাইল ফোন ফিরে পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রাঙামাটির সহযোগিতায় ফোনগুলো উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১টার দিকে যাচাই-বাছাই শেষে শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোনগুলো তুলে দেওয়া হয়। ফোন ফিরে পাওয়া তিন শিক্ষার্থী হলেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের সাইদুল ইসলাম ইফাস, ২০২১-২২ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট বিভাগের মো. রাকিব হোসেন এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের জয়নাল আবেদীন।
প্রাপ্ত তথ্যানুযায়ী, সাইদুল ইসলামের ফোনটি গত ১৬ জুলাই, রাকিব হোসেনের ফোনটি ৩১ ডিসেম্বর ২০২৫ এবং জয়নাল আবেদীনের ফোনটি গত ২ আগস্ট চুরি হয়েছিল। ফোন হারানোর বিষয়টি ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদককে জানালে তিনি ১৮ এপিবিএন, রাঙামাটির সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে ফোনগুলো উদ্ধারের উদ্যোগ নেন।
ফোন হস্তান্তর অনুষ্ঠানে ডাকসুর (ভিপি) সাদিক কায়েম বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষার্থীদের জন্য কাজ করতে নানা বাধার মুখোমুখি হতে হয়েছে। তবে তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন। শিক্ষার্থীরা তাদের প্রতিশ্রুতির চেয়েও বেশি কাজ করার কথা বলছেন বলেও দাবি করেন তিনি।
ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, অনেক শিক্ষার্থী টিউশনির টাকা জমিয়ে মোবাইল ফোন কেনেন। চুরি, ছিনতাই কিংবা অসাবধানতাবশত ফোন হারিয়ে গেলে তারা ভোগান্তিতে পড়েন। তিনি বলেন, ‘আমরা দায়িত্ব গ্রহণের পর থেকেই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখেছি।’
অনলাইন ডেক্স 

























