যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও কানাডা সম্ভাব্য সামরিক হামলা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ঝুঁকি খুব কম হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের পরিবর্তিত বাস্তবতায় সব ধরনের সম্ভাবনা বিবেচনায় নেওয়া সরকারের দায়িত্ব।
সম্প্রতি নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্নি বলেন, এটি মূলত ঝুঁকি ব্যবস্থাপনার অংশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ করার মন্তব্যের পর দুই দেশের সম্পর্ক নতুন বাস্তবতার মুখোমুখি হয়েছে।
কানাডার সামরিক বিশেষজ্ঞদের মতে, দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের সম্ভাবনা অত্যন্ত কম। কানাডা ও যুক্তরাষ্ট্র ন্যাটোর সদস্য এবং দীর্ঘদিন ধরে উত্তর আমেরিকার আকাশ ও আর্কটিক অঞ্চলের প্রতিরক্ষায় ঘনিষ্ঠভাবে কাজ করছে।
রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্সের সাবেক লেফটেন্যান্ট-জেনারেল ক্রিস্টোফার কোটস বলেন, তাঁর সামরিক জীবনে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড থেকে কানাডার ওপর হামলার সম্ভাবনা বিবেচনা করতে হয়নি। তবে তিনি সতর্ক করেন যে, যুক্তরাষ্ট্র আক্রমণাত্মক পদক্ষেপ নিলে তা সরাসরি সামরিক হামলা দিয়ে শুরু নাও হতে পারে।
কানাডায় যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে। চলতি বছরের জানুয়ারিতে লেজার পরিচালিত এক জরিপে ৩০ শতাংশের বেশি কানাডীয় জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কা করছেন।
অনলাইন ডেক্স 

























