আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর সরকার শুক্রবার ঘোষণা করেছে, দেশটিতে ৩ লাখ ৫০ হাজার ডলার বিনিয়োগ করলে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার সুযোগ থাকবে।
অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) জানিয়েছে, লাতিন আমেরিকার তৃতীয় বৃহত্তম অর্থনীতি আর্জেন্টিনা গত বছর বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্রাজিল ও মেক্সিকোর তুলনায় পিছিয়ে ছিল। মিলেই সরকারের লক্ষ্য হলো আর্জেন্টিনাকে আরও প্রতিযোগিতামূলক করে তোলা এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো।
শুক্রবার ঘোষিত ‘সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’-এ নাগরিকত্ব পাওয়ার জন্য দুটি পদ্ধতি উল্লেখ করা হয়েছে। প্রথম পদ্ধতিতে বিনিয়োগকারীকে ৩ লাখ ৫০ হাজার ডলার জাতীয় কোষাগারে অনুদান দিতে হবে, যা ফেরত দেওয়া হবে না। দ্বিতীয় পদ্ধতিতে বিনিয়োগকারীকে সরকারের তৈরি ৮ লাখ ডলারের বন্ডে বিনিয়োগ করতে হবে।
আর্জেন্টিনা সরকার জানিয়েছে, এই বিনিয়োগ থেকে পাওয়া অর্থ দেশের রাজস্ব ও আর্থিক অবস্থান শক্তিশালী করতে ব্যবহার করা হবে। তবে বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, এই কর্মসূচি কী ধরনের বিনিয়োগকারী আকর্ষণ করবে।
মিলেই চলতি সপ্তাহে প্যারিস সফর করেন এবং সেখানে বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন। সফরে তিনি বেশ কয়েকটি বিনিয়োগের প্রতিশ্রুতি পান, যার মধ্যে ফ্রান্সের টোটালএনার্জিস এবং সুইজারল্যান্ডের গ্লেনকোর উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে।
এছাড়া, আর্জেন্টিনার সুপ্রিম কোর্ট বিদেশিদের কৃষিজমি কেনার ওপর থাকা সীমাবদ্ধতা বাতিল করেছে, যা নিয়ে তীব্র বিরোধিতা চলছে। আইন পরিবর্তনের প্রতিবাদে আগামী সপ্তাহে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।
অনলাইন ডেক্স 
























