রাজধানীর উত্তরায় ডিএল পেট্রল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র, গুলি, ছিনতাই করা টাকা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে গ্রেপ্তারদের নাম প্রকাশ করা হয়নি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
ডিএমপি জানায়, শনিবার সকালে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, গত ৯ আগস্ট সকালে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ ঘটনায় ডিএল পেট্রল পাম্পের ম্যানেজার মো. আব্দুল করিম রাতেই বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ডিএল পেট্রল পাম্পটির মালিক তাসীন আক্তার হক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই। তাসীন আক্তার হকের মা প্রয়াত খুরশীদ জাহান হক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন ছিলেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, পাম্পের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিনসহ অন্যান্যরা ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা ৬-৭ জন তাদের কাভার্ডভ্যানের গতিরোধ করে। পরে পিস্তল ও চাপাতি দিয়ে তাদের ওপর হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নেয়।
অনলাইন ডেক্স 
























