ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় কমিটি তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক প্রকৌশলী সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে, জসিম উদ্দিনের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ রয়েছে।
দলের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনের যৌথ নির্দেশনায় তার সদস্যপদ স্থগিতের আদেশ জারি করা হয়। চিঠিতে বলা হয়েছে, জসিম উদ্দিনকে পাঁচ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে তার বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।
তবে নোটিশে শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট কারণ বা অভিযোগের বিস্তারিত উল্লেখ করা হয়নি। অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে জসিম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
উল্লেখ্য, জসিম উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে বিএনপি-সমর্থিত গণঅধিকার পরিষদের ‘ট্রাক’ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং ৪৯ হাজার ৮৮৫ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হন। আসনটিতে ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে জয়লাভ করেন হাসনাত আবদুল্লাহ।
অনলাইন ডেক্স 
























