ফ্রান্সে শ্রেণিকক্ষে শিক্ষকের সংকট, স্কুলের অব্যবস্থাপনা এবং শিক্ষা খাতে অর্থায়ন কমানোর পরিকল্পনার বিরুদ্ধে দুই সপ্তাহ ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৬ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে আন্দোলন আরও জোরালো হয়, যেখানে প্রায় দুই হাজার স্কুলে অবরোধ কর্মসূচি পালন করা হয়।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিক্ষার্থীদের এই আন্দোলনকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তিনি দাবি করেছেন, ফ্রান্সে মুসলিমরা দেশটি দখলের চেষ্টা করছে এবং ব্যাপক অভিবাসনের সুযোগ দেওয়ার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, ‘ফ্রান্সে যা হচ্ছে তা ব্যাপক নিয়ন্ত্রণের বাইরে ব্যাপক অভিবাসনের থেকে কম কিছু নয়। এটি কোনো স্কুলের বিষয় নয়, এটি ইসলামের বিষয়।’
ফরাসি সরকার শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকুরমু শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে শ্রেণিকক্ষে অনুপস্থিত শিক্ষকদের পরিবর্তে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, দীর্ঘ সময় ক্লাসের পুনর্বিবেচনা এবং দুপুরের খাবারের জন্য আরও বেশি সময় দেওয়া। তারা পুরোনো স্কুল ভবনগুলো সংস্কারের দাবি জানাচ্ছেন এবং শিক্ষাখাতে বাজেট কমানোর পরিকল্পনা বাতিলেরও দাবি করেছেন।
অনলাইন ডেক্স 






















