গাজীপুরের স্থানীয় সরকার নির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর আবেদন করেছে তাবলীগ জামাত বাংলাদেশ। মঙ্গলবার (০৬ অক্টোবর) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়।
তাবলীগ জামাত বাংলাদেশের আহলে শুরা সদস্য ও কাকরাইল তাবলীগ মার্কাজ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ জুবায়ের স্বাক্ষরিত আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, বিশ্ব ইজতেমা মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্মেলন। আগামী ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ইজতেমার প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।
আবেদনপত্রে বলা হয়, ইজতেমার সময় স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে ইজতেমার ভাবগাম্ভীর্য, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসমাগমের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।
এতে আরও উল্লেখ করা হয়, স্থানীয় সরকার নির্বাচন ও ইজতেমার মতো বিশাল আয়োজনের নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনা অত্যন্ত চ্যালেঞ্জিং। তাই নির্বাচনের সময়সীমা সেভাবে নির্ধারণ করা প্রয়োজন, যাতে প্রশাসনিক জটিলতা বা সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি না হয়।
আবেদনপত্রে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের দ্বীনি কাজে সহায়তামূলক ভূমিকার প্রশংসা করা হয় এবং বিশ্ব ইজতেমার সফলতার জন্য কমিশনের ইতিবাচক সিদ্ধান্তের আশা প্রকাশ করা হয়।
অনলাইন ডেক্স 

























