টাঙ্গাইলের মির্জাপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) মির্জাপুর থানা পুলিশের উদ্যোগে থানা কম্পাউন্ডে এই সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক, মন্দির কমিটির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) আদনান মুস্তাফিজ।
আদনান মুস্তাফিজ জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রস্তুত রয়েছে। মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা বজায় রাখতে পুলিশের টহল টিম, আনসার সদস্য এবং মণ্ডপ পরিচালনা কমিটির স্বেচ্ছাসেবক দল মোতায়েন থাকবে।
সভায় অন্যান্য বক্তারা পূজামণ্ডপের শান্তিশৃঙ্খলা রক্ষা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার গুরুত্ব তুলে ধরেন। উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ পুলিশের সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজা উদযাপনের অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়া, অনুষ্ঠানে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন, বাঁশতৈল পুলিশ ফাঁড়ির আইসি মিজান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিকাশ গোস্বামী, সাধারণ সম্পাদক প্রমথেশ গোস্বামীসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 























