বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ল্যাবরেটরি পরীক্ষায় নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় আরও চারটি প্রতিষ্ঠানের আট ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। এই নির্দেশনা সোমবার (২০ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন পণ্যে মাত্রাতিরিক্ত সংরক্ষণকারী পদার্থ, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি এবং বাংলাদেশ মানমাত্রার ব্যত্যয় শনাক্ত হয়েছে। ফ্রেশ গার্ডেন এগ্রো রিসোর্সেসের আমের আচারের একটি ব্যাচে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি সংরক্ষণকারী পদার্থ পাওয়া গেছে।
কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বেলিসিমো ব্র্যান্ডের ‘রোটোন্ডো হ্যাজেলনাট কোটেড চকোলেট’ আইসক্রিমে মোট নন-ফ্যাট দুগ্ধজাত কঠিন পদার্থ বাংলাদেশ মানের তুলনায় অতিরিক্ত পাওয়া গেছে। অলিভ বাংলাদেশ লিমিটেডের লাবণ্য ব্র্যান্ডের বিভিন্ন পণ্যে মানবদেহের জন্য ক্ষতিকর অনুজীবের উপস্থিতি শনাক্ত হয়েছে।
এছাড়া, ডেকো ফুডস লিমিটেডের আম ও কমলা স্বাদের কোমল পানীয়ের গুঁড়ায় বাংলাদেশ মান অনুযায়ী প্রয়োজনীয় পরিমাণের তুলনায় কম ভিটামিন ‘সি’ পাওয়া গেছে। বিএসটিআই জানিয়েছে, প্রত্যাহার কার্যক্রম তদারকি করা হবে এবং নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, “মানসম্মত পণ্য পাওয়া জনগণের অধিকার। সেই অধিকার নিশ্চিত করতে বিএসটিআই সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি ক্রেতাদের পণ্য কেনার আগে বিএসটিআইয়ের মানচিহ্ন ও অন্যান্য তথ্য যাচাই করার পরামর্শ দেন।
অনলাইন ডেক্স 























