জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ মো. নাসির খানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। নাসিরের সাহসিকতা ও আন্দোলনের সময়কার অভিজ্ঞতার কথা শোনেন প্রধানমন্ত্রী।
সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে নাসির খানের বর্তমান অবস্থার কথা তুলে ধরা হয়। প্রতিবেদনটি প্রকাশের পরদিন প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারী নাসিরকে সচিবালয়ে আমন্ত্রণ জানান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী নাসিরকে হাস্যোজ্জ্বলভাবে অভ্যর্থনা জানান এবং প্রায় ১০ মিনিট আলোচনা করেন।
সাক্ষাৎ শেষে নাসির খান জানান, প্রধানমন্ত্রী তার সাহসিকতার প্রশংসা করেছেন এবং আন্দোলনের সময় তার হাতে থাকা লোহার পাইপ ও লাঠির অবস্থান জানতে চান। নাসির জানান, সেই স্মৃতি তিনি আন্দোলনের মাঠেই রেখে এসেছেন।
নতুন সরকারের কাছে প্রত্যাশার বিষয়ে নাসির বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে নাগরিকেরা স্বাধীনভাবে কথা বলতে পারবে।’ তিনি সরকারের বর্তমান কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সুন্দর বাংলাদেশ গড়তে সরকারের জন্য পর্যাপ্ত সময় দেওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তরুণদের ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘তোমরা তরুণেরাই দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে।’ নাসিরের সাহসিকতার প্রতীকী ছবিটি জুলাই গণ-অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ চিত্র হিসেবে পরিচিতি পেয়েছে।
অনলাইন ডেক্স 




















