জর্ডানের আল-রুকবান এলাকায় অবস্থিত মার্কিন সেনানিবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
মঙ্গলবার (২১ জুলাই) আইআরজিসির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘আগ্রাসী’ মার্কিন বাহিনীর বিরুদ্ধে চলমান ‘অপারেশন নাসর ২’-এর অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, আল-রুকবানের ওই আবাসিক কমপ্লেক্সে বহু মার্কিন সেনা নিহত হয়েছেন।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কিংবা জর্ডানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনার জের ধরে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়। ৭ এপ্রিল উভয়পক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করে। এর পর পাকিস্তানের মধ্যস্থতায় ১৭ জুন ইসলামাবাদে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
তবে শান্তি স্থায়ী হয়নি। গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে ইরানের ড্রোন হামলার পর ৭ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের সেন্টকম ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বোমা হামলা শুরু করে। উভয়পক্ষের মধ্যে সংঘাত এখনও অব্যাহত রয়েছে।
অনলাইন ডেক্স 























