কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, একটি মোটরসাইকেল ও চারটি মোবাইলফোন জব্দ করা হয়।
বুধবার (৪ নভেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশ জানায়, মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে নাগেশ্বরী পৌরসভার কানিপাড়া বদিজমাপুর গ্রামের রাজুর বাড়িতে অভিযান চালানো হয়। নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদের নেতৃত্বে নাগেশ্বরী থানা-পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রেজাউল করিম রাজু (৫০), মো. ফজলে মিয়া (৪৮) ও মো. রাসেল মিয়া (৩৫)। তাদের বাড়ি নাগেশ্বরী উপজেলার কাজিপাড়া ও বালাসিপাড়া এলাকায়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম, লালমনিরহাটসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা এবং রাজধানী ঢাকায় মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত।
নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বলেন, রেজাউল করিম রাজুর বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলা নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর, লালমনিরহাট সদর ও ঢাকা মহানগর পুলিশের ভাটারা থানায় রয়েছে। ফজলে মিয়ার বিরুদ্ধে নাগেশ্বরী থানায় একটি মাদক মামলা রয়েছে।
তিনি জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী নাগেশ্বরী থানায় মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অনলাইন ডেক্স 
























