খুলনার দিঘলিয়ায় মুড়ির প্যাকেটের মধ্যে রাখা বোমাসদৃশ বস্তু বিস্ফোরণে জামায়াত নেতা এম এম মনিরুল ইসলাম (৬৩) আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে উপজেলার সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম দিঘলিয়া উপজেলার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পর তিনি পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পান। প্যাকেটটি ঘরের ভেতরে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর সেটি বিস্ফোরিত হয়।
বিস্ফোরণে মনিরুল ইসলামের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের ফলে ঘরের আসবাবপত্রে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে আহত মনিরুল ইসলামকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
অনলাইন ডেক্স 
























