বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলতে যাচ্ছেন। তাকে দলে নিয়েছে মেলবোর্ন রেনেগেডস। চোটের কারণে পুরো মৌসুম থেকে ছিটকে যাওয়া জেসন বেহরেনডর্ফের বদলি হিসেবে মোস্তাফিজকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
৩১ বছর বয়সী মোস্তাফিজ আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মিলিয়ে ৩৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং এ সংস্করণে তার উইকেট সংখ্যা ৪২৩। বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতা থাকলেও বিগ ব্যাশে এটি তার প্রথম অংশগ্রহণ।
অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার বেহরেনডর্ফ কাঁধের চোটের কারণে এবারের টুর্নামেন্টে খেলতে পারছেন না। তার জায়গায় মোস্তাফিজের অন্তর্ভুক্তি দলের বোলিং শক্তি বাড়াবে বলে আশা করছে রেনেগেডস।
তবে আইএলটি-টোয়েন্টিতে ব্যস্ত থাকার কারণে মোস্তাফিজ রেনেগেডসের প্রথম ম্যাচে পার্থ স্কর্চার্সের বিপক্ষে খেলতে পারবেন না। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) খেলার সুযোগ পাওয়ায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
মোস্তাফিজ বলেন, ‘মেলবোর্ন রেনেগেডসের হয়ে প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলার অপেক্ষায় আছি। এমসিজিকে নিজের হোম গ্রাউন্ড হিসেবে পেয়ে সেখানে খেলাটা হবে বিশেষ কিছু।’ রেনেগেডসের নতুন কোচ লুক রনকি মোস্তাফিজকে দলে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তাকে দলের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।
অনলাইন ডেক্স 
























