যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবের সময় দেশটির বিভিন্ন স্থানে বন্দুক হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৯২ জন আহত হয়েছেন। এই গোলাগুলির ঘটনা হ্যালোইন উদযাপন, ফুটবল ম্যাচ ও বিভিন্ন পার্টির সময় ঘটে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এটি কয়েক বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম সহিংস হ্যালোইন উইকেন্ড। হ্যালোইনের আগের দিন ক্যালিফোর্নিয়ার ফেয়ারফিল্ডে ‘স্পিরিট হ্যালোইন’ নামের একটি দোকানে নির্বিচার গুলিতে ৩১ বছর বয়সী এক গর্ভবতী নারী নিহত হন।
শনিবার রাতে অ্যালাবামার বার্মিংহামে ‘ম্যাজিক সিটি ক্লাসিক’ ফুটবল ম্যাচের পর দুটি গোলাগুলির ঘটনা ঘটে। প্রথম ঘটনায় একজন নিহত ও আটজন আহত হন। পরে কাছের একটি দোকানে গুলিতে আরও ছয়জন আহত হন, তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
মিশিগানের ফ্লিন্ট শহরে একটি পার্টিতে গুলিতে এক নারী নিহত হন এবং আহত হন দুই কিশোর ও এক পুরুষ। ডেলাওয়্যার অঙ্গরাজ্যে প্রায় এক ঘণ্টার ব্যবধানে দুটি গোলাগুলির ঘটনা ঘটে, যেখানে ১৭ বছর বয়সী এক কিশোরী নিহত হন।
এছাড়া, ক্যানসাস, টেক্সাস, ইলিনয় ও ইন্ডিয়ানার ব্লুমিংটনে পৃথক ঘটনায় আহতদের সংখ্যা বেড়ে যায়। ব্লুমিংটনের ঘটনায় আহতদের মধ্যে ১৯ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। চলতি বছর যুক্তরাষ্ট্রে প্রায় ৪০০টি নির্বিচার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, যা প্রতিদিন গড়ে একটির বেশি।
অনলাইন ডেক্স 

























