স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
ফারুক আহমেদ এর আগে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তিনি সদ্য সাবেক মহাপরিচালক আহসান হাবীব পলাশের স্থলাভিষিক্ত হয়েছেন।
হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে ফারুক আহমেদ মহাসড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যান চলাচল নির্বিঘ্ন রাখা এবং চাঁদাবাজি ও ডাকাতি নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। তার নেতৃত্বে মহাসড়কে অপরাধের সুযোগ কমানোর লক্ষ্যে প্রযুক্তিনির্ভর নজরদারির ওপর গুরুত্ব দেওয়া হয়।
ফারুক আহমেদের গ্রামের বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৈডালা (রণবাঘা) গ্রামে। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি এসপি থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি হন এবং পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন।
অনলাইন ডেক্স 






















