নারায়ণগঞ্জের বন্দরে পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে প্রায় ১৪টি ছোট টিনের ঘর পুড়ে গেছে। শনিবার (১৭ অক্টোবর) ভোর রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২৭ নম্বর ওয়ার্ডের কুড়িপাড়া বটতলা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর বন্দর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ক্ষতিগ্রস্ত পাটের গুদামগুলোর মালিকদের মধ্যে রয়েছেন আনোয়ার হোসেন, রাজা মিয়া, সোহেল, জয়নাল, ইমাম হোসেন ও আবু বক্কর। তারা জানিয়েছেন, তাদের প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
অনলাইন ডেক্স 
























