কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকতে অবস্থিত টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এই রিসোর্টটির ফায়ার সার্ভিসের লাইসেন্স ছিল না এবং গত জুনে পরিদর্শনের পর প্রতিষ্ঠানটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সতর্ক করা হয়েছিল।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরে শারদীয় দুর্গাপূজায় অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। তিনি বলেন, রিসোর্টটি নিয়ম মেনে পরিচালিত হচ্ছিল না এবং প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা সনদ ছাড়াই কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।
মহাপরিচালক জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রিসোর্টে আগুন লাগার খবর পান তারা। ঘটনাস্থল থেকে নিকটবর্তী ফায়ার স্টেশনের দূরত্ব ছিল ২২ কিলোমিটার। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন এবং পরে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।
লাইসেন্স নবায়ন না করা এবং ঝুঁকিপূর্ণ হিসেবে সতর্ক করার পরও রিসোর্ট চালু রাখার বিষয়ে মহাপরিচালক বলেন, প্রতিষ্ঠানটি নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছিল না। তিনি কক্সবাজারসহ দেশের বিভিন্ন পর্যটন এলাকায় কাঠ ও অন্যান্য দাহ্য উপকরণ দিয়ে তৈরি রিসোর্টগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
আগামী শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়তে পারে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে মহাপরিচালক বলেন, বিস্তারিত তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
অনলাইন ডেক্স 
























