রাজধানীর আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের মধ্যে পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করে বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রী আকস্মিক পরিদর্শনকালে কোয়ার্টারের এলাকা, চলাচলের পথ ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। পরিচ্ছন্নতার ঘাটতি দেখে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর কারণ জানতে চান এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী আগামী দুই সপ্তাহের মধ্যে কোয়ার্টারের পরিচ্ছন্নতা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ সময় কোয়ার্টারের বাসিন্দারা পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
বাসিন্দাদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনার পর প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমস্যাগুলো সমাধানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। পরিদর্শনের একপর্যায়ে তিনি কোয়ার্টারে বসবাসরত শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 
























