যুক্তরাষ্ট্রের সংগীত তারকা শন ‘ডিডি’ কম্বসকে পেনসিলভানিয়ার একটি ফেডারেল কারাগারে স্থানান্তর করা হয়েছে। কারাগারের ভেতরে বিলাসী জীবনযাপনের অভিযোগ এবং সহবন্দির সঙ্গে মারামারিতে আহত হওয়ার খবরের মধ্যে এই স্থানান্তর ঘটে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যৌনকর্মসংক্রান্ত অপরাধে দণ্ডিত ৫৬ বছর বয়সী কম্বসকে নিউ জার্সির এফসিআই ফোর্ট ডিক্স কারাগার থেকে পেনসিলভানিয়ার এফসিআই অ্যালেনউড লো কারাগারে নেওয়া হয়েছে। এই কারাগারটি উইলিয়ামসপোর্টের দক্ষিণে এবং নিউইয়র্ক শহর থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি জানান, কারা ব্যুরোর (বিওপি) এক মুখপাত্রও কম্বসের স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
কম্বসের মুখপাত্র জুডা এঙ্গেলমেয়ার বলেন, ‘বন্দিদের কোথায় রাখা হবে, সে সিদ্ধান্ত নেয় কারা ব্যুরো। আমরা আশা করি, নতুন কারাগারে তার সময় ফলপ্রসূ হবে।’ ২০২৫ সালের ২ জুলাই যৌনকর্মসংক্রান্ত অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর কম্বসকে চার বছর দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
গত সেপ্টেম্বরে এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ফোর্ট ডিক্স কারাগারে কম্বস বিলাসী জীবনযাপন করছিলেন। অভিযোগ রয়েছে যে তিনি গোপনে মদ আনাতেন এবং নিষিদ্ধ মুঠোফোন ব্যবহার করতেন। তবে কারা ব্যুরো টিএমজেডের মারামারির খবরটি নাকচ করেছে।
কম্বসের সাজা কমানোর জন্য ৪১ দিন কেটে নেওয়া হয়েছে, ফলে তার মুক্তির সম্ভাব্য তারিখ ২০২৮ সালের ২ মার্চ নির্ধারণ করা হয়েছে।
অনলাইন ডেক্স 
























